
চট্টগ্রামের পটিয়া উপজেলায় আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে চেয়ারম্যান ও তার লোকজনের বিরুদ্ধে।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে হাইদগাঁও ইউনিয়নের ব্রাহ্মণঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। জিতেন কান্তি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। ইফতারে ইউপি চেয়ারম্যান বিএম জসিমকে দাওয়াত না দেওয়া ও ব্যানারে তার নাম থাকায় ঝামেলার সৃষ্টি হয়। বিকেলের দিকে চেয়ারম্যানসহ তার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জিতেন গুহকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এ সময় আওয়ামী লীগের বর্তমান সভাপতিকেও চেয়ারম্যানের সমর্থকরা গালাগাল করেন।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, জিতেন গুহকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হামলার বিষয়ে হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বদরুউদ্দিন মোহাম্মদ জসিম বলেন, এগুলো আওয়ামী লীগের বিষয়। যে মার খেয়েছে সেও আওয়ামী লীগের, যারা মেরেছে তারাও আওয়ামী লীগের। তার ওপর মানুষের ক্ষোভ ছিল। সেজন্য তাকে মারধর করা হয়েছে।
ব্যানারে আপনার (বদরউদ্দিন) নাম না থাকায় আপনার কর্মীরা এ হামলা করেছে, এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, এগুলো মানুষের কথা। ব্যানারে নাম থাকলেই কি না থাকলেই কি। হামলায় কোনো রাজনৈতিক বিষয় নেই, ব্যক্তিগত বিষয়ে হামলা হয়েছে। ব্যানারের বিষয়টি ১০টি ঘটনার মধ্যে একটি।




