
গাজীপুরের শ্রীপুর উপজেলায় হঠাৎ করে আরবেলা ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার অর্ধশত নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে শ্রীপুর উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই কারখানায় সাড়ে তিন শতাধিক শ্রমিক রয়েছেন।
বুধবার (২৯ জুন) দুপুর ২টার দিকে বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিক সাথী আক্তার (২৪) জানান, তিনি সুইং শাখায় কাজ করেন। তার সহকর্মী নাসরিন আক্তার (২৫) মেশিনে কাজ করার সময় হঠাৎ ঢলে পড়েন। তার ঢলে পড়ার দৃশ্য দেখে কাউকে কিছু বলার আগেই তিনি নিজেও ঢলে পড়েন। পরে নিজেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে পান।
সুইং শাখার কর্মী রিমি আক্তার (২২) বলেন, হঠাৎ করে সহকর্মীদের ঢলে পড়ার দৃশ্য তিনিও দেখেছেন। অনেকে ঢলে পড়াদের টেনে তুলে মাথায় পানি দিয়েছেন। একের পর এক
সহকর্মীদের ঢলে পড়ার দৃশ্য দেখতে দেখতে তিনি নিজেও জ্ঞান হারিয়ে ফেলেন।
আরবেলা ফ্যাশন কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আহমদ সাগর বলেন, কী কারণে শ্রমিকেরা অসুস্থ হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে অতিরিক্ত গরমের কারণে শ্রমিকেরা অসুস্থ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অসুস্থ সবাই নারী শ্রমিক। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শ্রমিকদের অসুস্থতার খবরে কারখানায় পুলিশ পাঠানো হয়েছে। অসুস্থদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়েছে। হঠাৎ অসুস্থ হওয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে।




