
ঈদযাত্রার শেষ মুহূর্তে ঘরে ফেরা মানুষদের মধ্যে বেশির ভাগ রয়েছেন পোশাকশ্রমিকরা।
শনিবার (৯ জুলাই) ভোর থেকেই বাস ও ট্রেনে উপচেপড়া ভিড় ঠেলে তারা গন্তব্যে ফেরার চেষ্টা করছেন। এর আগে পোশাক কারখানা শুক্রবার (৮ জুলাই) রাতের শিফট শেষে ছুটি হয়েছে তাদের।
জানা গেছে, আজ শনিবারও সড়কপথে পরিবহন কম থাকায় অনেকেই ট্রেনে চেপে স্বজনদের কাছে ফিরছেন। ট্রেনের বিভিন্ন কোচের ভেতর, বাইরে ও ছাদে উপচেপড়া মানুষ ঢাকা, বিমানবন্দর, টঙ্গী থেকে জায়গা দখল করায় গাজীপুরের স্থানীয় রেলস্টেশনগুলোতে অপেক্ষমাণ বেশির ভাগ যাত্রীরা উঠতে পারছেন না।
শ্রীপুর পৌরসভার ইকো টেক্সটাইল মিলস লিমিটেডের শ্রমিক খাদিজা আক্তার বলেন, অন্যান্য কারখানার অনেক সহকর্মী দুদিন আগে ছুটি পেয়ে বাড়ি চলে গেছেন। আমাদের কারখানা শুক্রবার রাতের শিফট ডিউটি করিয়ে শনিবার ভোরে ছুটি দিয়েছে। জামালপুর যেতে সড়কপথে ট্রাক-পিকাপ ছাড়া পর্যাপ্ত গণপরিবহন পায়নি।
ঢাকা-টাঙ্গাইল সড়কে চলাচলকারী অভি পরিবহনের চালক ফয়েজ সিকদার জানান, ঢাকা থেকে আব্দুল্লাহপুর-আশুলিয়া হয়ে ঢাকা-টাঙ্গাইল সড়কের বাইপাইল এবং চন্দ্রার কাছে ওয়ালটন কারখানা এলাকায় কিছুটা যানজট রয়েছে। এ ছাড়া ওই সড়কের প্রায় পুরোটাই আজ শনিবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আলম মামুন জানান, শুক্রবার (৮ জুলাই) রাত ১১টার দিকে গাজীপুরের মহাসড়কে যাত্রী ও গণপরিবহনের সর্বশেষ চাপ বয়ে গেছে। এখন মহাসড়কগুলো বলতে গেলে অনেকটাই ফাঁকা। যান চলাচল স্বাভাবিক।




