
মাদারীপুরে ঘুরতে বের হওয়া দুই বন্ধুকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর অবস্থায় দুজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের বালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন, ফয়সাল বেপারী (১৬) কোলচারি সস্তাল এলাকার লাল মিয়া বেপারীর ছেলে ও মিলন সরদার (১৭) চরলক্ষ্মীপুর এলাকার গোলাম হোসেন সরদারের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে দুই বন্ধু ফয়সাল ও মিলন নদীরপাড়ে ঘুরতে যায়। এ সময় বালাকান্দি এলাকায় আসলে দুর্বৃত্তরা দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় দুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




