
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পরিবহন শ্রমিকদের কল্যাণে বিনাখরচে স্বাস্থ্যসেবা প্রদান করেছে জাতীয় পরিবহন শ্রমিক লীগ।
গতকাল শুক্রবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে প্রাইম অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পূর্ণসহযোগিতায় এ সেবার আয়োজন করা হয়।
এ সময় সেবাস্থলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ইলমান খান, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সহসভাপতি মোহাম্মদ হোসেন জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে জান্নাতুল ফেরদৌস (শাপলা), আনোয়ারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান তালুকদার (সাজু), এনামুল হক বিশ্বাস, দপ্তর সম্পাদক মো. আলী আশরাফ। আরও উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ থেকে আগত বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবক স্বামী বিবেকানন্দ আশ্রমের পৃষ্ঠপোষক সাধন রায় ও অঞ্জলি রায়।
বাংলাদেশ জাতীয় পরিবহন শ্রমিক লীগের কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ইলমান খান, সাধারণ সম্পাদক জাহিদ হাসান তাদের বক্তব্যে বলেন, ভবিষ্যতে শ্রমিকদের সেবায় তারা এ কার্যক্রমটি সারা দেশব্যাপী পরিচালনা করবেন এবং প্রাইম অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে শ্রমিকরা আজীবন চল্লিশ শতাংশ সুবিধায় চিকিৎসা পাবে বলে জাতীয় পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে হাসপাতালটির একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেবা পাওয়া শ্রমিকরা কার্যক্রমটিতে সন্তুষ্টি প্রকাশ করেন।




