
মেট্রোরেলের একাদশ চালানে মোংলা বন্দরে এসে পৌঁছেছে আটটি বগি ও চারটি ইঞ্জিনসহ ৩৪ প্যাকেজ মেশিনারিজ পণ্য।
সোমবার (২২ আগস্ট) সকাল পৌনে ১০টায় পানামা পতাকাবাহী জাহাজ ‘এম ভি হোসি ক্রাউন’ এসব পণ্য নিয়ে বন্দরের সাত নম্বর জেটিতে ভিড়েছে। গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের এ মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে বিদেশি জাহাজটি।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, জাপানের কোবে বন্দর থেকে আটটি রেলওয়ে বগি ও চারটি ইঞ্জিনসহ ৩৪ বক্স মেশিনারিজ পণ্য নিয়ে ‘এম ভি হোসি ক্রাউন’ আজ সোমবার সকালে মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে ভিড়েছে।
তিনি আরও জানান, আজ রোববার দুপুর নাগাদ জাহাজটি থেকে কোচ, ইঞ্জিন ও মেশিনারি মালামাল নামানোর কাজ শুরু করা হবে। এসব মালামাল জাহাজ থেকে খালাস করে সরাসরি নৌপথে বার্জে (নৌযান) ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে। এ পণ্য খালাস শেষে বিদেশি জাহাজটি মঙ্গলবার (২৩ আগস্ট) বন্দর ত্যাগ করবে।
উল্লেখ্য, এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ৭০টি কোচ ও ৩৪টি ইঞ্জিন এসেছেন।




