
ঢাকার ধামরাই উপজেলায় খেলা করার সময় নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের গর্তের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) সকালে ধামরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ উত্তর পশ্চিমপাড়া এলাকার মো. রুবেল হোসেনের ছেলে মো. রাজু (৮) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. রিয়াজুল (৯)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে সদর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের পাশে দুই শিশু খেলা করছিল। কোনো এক সময় দুজনই নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের গর্তে জমে থাকা পানিতে ডুবে মারা যায়। তবে পরিবারের সদস্যরা তাদের অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। পরে সন্ধ্যায় তাদের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) শিমুল মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।




