
নওগাঁর মান্দায় মৌমাছির কামড়ে মকলেছুর রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মা ও ছেলে আহত হয়েছেন।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের নুরুল্যাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মকলেছুর রহমান (৫০) ওই গ্রামের মজিবর রহমানের ছেলে। আহতরা হলেন- সুমন (১৮) ও ফাতেমা (৪০)।
স্থানীয়রা জানান, বুধবার মকলেছুর রহমান ছাগলের জন্য বাড়ির পাশে গাছের পাতা কাটতে যান। এ সময় মৌমাছির দল মকলেছুর রহমান, সুমন এবং ফাতেমাকে আক্রমণ করে। মৌমাছির এলোপাতাড়ি কামড়ে তারা গুরুতর আহত হন। এমতাবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মকলেছুর রহমান মারা যান।
অপরদিকে আহত সুমন বর্তমানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। আর ফাতেমার অবস্থা বেগতিক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মান্দা থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




