
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তৃতীয়বারের মতো প্রেমিকের বাড়িতে অবস্থান করে এক কিশোরী। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ অক্টোবর) প্রেমিকার মায়ের করা অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের শফিকুল ইসলামের ছেলে সাকিবুল ইসলামের (২০)।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, তাদের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক। মেয়েটি একাধিকবার ছেলের বাড়িতে এসেছে। বারবার মেয়ের পরিবার তাকে বুঝিয়ে নিয়ে গেছে। শনিবার (১ অক্টোবর) আবার সাকিবুলের বাড়িতে এসে বসে থাকে। পরে তার পরিবারের লোকজন বাড়ি নেওয়ার চেষ্টা করলেও তিনি যায়নি।
স্থানীয়রা আরও জানান, রোববার আনুমানিক ১২টার দিকে স্থানীয় মাওলানা দিয়ে তাদের দুজনকে বিয়ে দেওয়া হয়েছে। তবে মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কাবিন করা সম্ভব হয়নি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, কিশোরী প্রেমিকের বাড়িতে অনশনে গেলে তার পরিবার থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে প্রেমিকসহ কিশোরীকে পুলিশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় রোববার রাতে কিশোরীর মা একটি মামলা দিয়েছেন।
তিনি আরও জানান, মামলায় তিনি অভিযোগ করেন তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে সাকিব। মামলায় সাকিবকে গ্রেপ্তার দেখানো হয়েছে।




