
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম (বীর প্রতীক) বলেছেন, স্বাধীনতার পঞ্চাশ বছরেও দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। দেশে রাজনীতির পরিবর্তন সাহসী, মেধাবী তরুণদের হাত ধরেই আসবে।
শনিবার (৮ অক্টোবর) চট্টগ্রামের এক রেস্টুরেন্টে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সৈয়দ ইবরাহীম বলেন, গণতন্ত্রের মোড়কে দেশে একদলীয় শাসন চলছে। আইনের শাসন বলতে কিছু নেই। গুম, খুন, হামলা ও মামলা নিত্যদিনের ঘটনা। মানুষের জীবনের নিরাপত্তা বলতে কিছু নেই। ঘর থেকে বের হলে আবার সুস্থ শরীরে ফিরতে পারব, তার কোনো গ্যারান্টি নেই।
নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের আলোর দিশা দেখাবে এই প্রত্যাশা রেখে তিনি বলেন, আমরা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির পক্ষে। যেসব দেশের সঙ্গে আমাদের যোগাযোগ নেই, সেই দেশগুলোর সঙ্গে যোগাযোগ তৈরি করতে হবে।
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান আরও বলেন, দেশটা অনিয়ম ও দুর্নীতিতে ডুবছে। সিন্ডিকেট ব্যবসা, চাঁদাবাজি ও ব্যাংক লুট করে বিদেশে অর্থ পাচার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, এই সরকার ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে। তাদের এবার বিদায় নেওয়ার সময় হয়েছে। একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।




