
মাদারীপুরের ডাসার উপজেলায় চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে এক শিশুকে (৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১২ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. ফারুক মোল্লাকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- উপজেলার ডাসার ইউনিয়নের পূর্বদর্শনা গ্রামের আমজাদ মোল্লার ছেলে মো. ফারুক মোল্লা।
মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে ফারুক ভুক্তভোগী শিশুকে চকলেট কিনে দেওয়ার কথা বলে তার নিজ বসতঘরে ডেকে নিয়ে যায়। এ সময় ঘরে কেউ না থাকার সুযোগে ভুক্তভোগী শিশুকে ধর্ষণ করে ফারুক। এ বিষয়টি কাউকে না বলার জন্য ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিয়ে আসছিল তিনি। কিন্তু এ ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ফারুক মোল্লাকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। পরে ফারুক মোল্লাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।




