
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএর চেয়ারম্যান বেগম আখতার জাহান ও নির্বাহী পরিচালক আব্দুর রশিদের অপসারণে ১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। রাজশাহীতে এটিএন নিউজের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ী বিএমডিএ’র এই শীর্ষ দুই কর্মকর্তার অপসারণ দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহী টেলিভিশন জার্নালিস্টঅ্যাসোসিয়েশন-আরটিজেএ এই কর্মসূচি পালন করে।
এ সময় বক্তারা বলেন, বিএমডিএর প্রধান কার্যালয়ে দুই সাংবাদিকের ওপর হামলা ঘটনায় জড়িত নির্বাহী পরিচালক আব্দুর রশিদসহ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বেগম আখতার জাহান। কথিত বরখাস্তের আদেশ সাংবাদিকদের দেখালেও বাস্তবে তা কার্যকর করা হয়নি। ফলে সাময়িক বরখাস্ত হওয়া মামলার আসামিরাও নিয়মিত পূর্ণাঙ্গ বেতন-ভাতা তুলছেন।
তারা আরও বলেন, হামলার নির্দেশদাতা বিএমডিএর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে অপসারণের প্রতিশ্রুতি দিলেও তা করেননি। বরং বিএমডিএর নাটোরের খাল খনন প্রকল্পের পিডি সুমন্ত কুমার বসাক, পুকুর খনন প্রকল্পের পিডি শরিফুল ইসলাম ও নওগাঁতে খাল খনন প্রকল্পের সহকারী প্রকৌশলী সানজিদা আক্তার মলি নেতৃত্বে গড়ে উঠেছে সিন্ডিকেট। এই সিন্ডিকেট আব্দুর রশিদের সুরক্ষা বলয় হিসেবে কাজ করছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় বিএমডিএর চেয়ারম্যান বেগম আখতার জাহানকে অপসারণে কৃষিমন্ত্রীকে ১৫দিনের সময় বেধে দেন সাংবাদিক নেতারা। তা না হলে আরও কঠোর কর্মসূচি পালনেরও ঘোষণা দেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, আরটিজেএর সভাপতি মেহেদী হাসান শ্যামল, বিএফইউজের নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন, সাবেক নির্বাহী সদস্য জাবীদ অপু, আরটিজেএর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসভাপতি আমির ফয়সাল, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, বাংলাদেশ ফটোসাংবাদিক অ্যাসোসিয়েন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পরিচালক (লিগ্যাল) অ্যাডভোকেট দিল সিতারা চুনি, মহিলা পরিষদের রাজশাহী শাখার সভাপতি কল্পনা রায়সহ বিভিন্ন সংগঠন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।




