
ঝালকাঠিতে ঘূর্ণিঝড় পরিস্থিতি উন্নতি হতে শুরু করেছে। ইতোমধ্যে রোদ্রোজ্জল আবহাওয়া বিরাজ করছে। একই সঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়।
জানা গেছে, সিত্রাংয়ের প্রভাবের ঝোড়ো বাতাসে বিভিন্নস্থানে গাছপালা ভেঙে বসতঘর বিধ্বস্ত হয়ে গেছে। একই সঙ্গে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। নদ-নদীর পানি নামতে শুরু করেছে। এখনও বাড়িঘর পানিবন্দি রয়েছে। বিদ্যুৎ লাইনের ওপর গাছপালা উপড়ে পরে খুঁটি ভেঙে তার ছিঁড়ে গত দুই দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এদিকে সোমবার সকাল থেকে শুরু হওয়া প্রবল বাতাস ও বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা ও বাঁধগুলোর ক্ষত আরও সম্প্রসারিত হচ্ছে। এর ফলে বিষখালী নদী তীরবর্তী নিম্নাঞ্চলের অনেক এলাকার পাকা, আধাপাকা ও কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে যানবাহন ও লোকজন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।
এ বিষয়ে স্থানীয় জেলা কৃষি বিভাগ জানান, বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে মাঠ পর্যায়ে কাজ চলছে।




