
রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল রেখে পালিয়ে যান চালক।
বুধবার (২ নভেম্বর) সকালে নগরীর বোয়ালিয়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন- নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকার তৈমুর শাহর ছেলে নুরুউদ্দিন (৬৫)।
জানা গেছে, মঙ্গলবার রাতে নুরুউদ্দিন রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় তালাইমারীগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর বোয়ালিয়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে এ দুর্ঘটনার পর মোটরসাইকেলটি ফেলে চালক পালিয়ে গেছেন। পরে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়া হবে।




