
সরকারি অনুষ্ঠানের প্যান্ডেলে বিএনপির সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সারা দেশে একসঙ্গে মোট ১০০ সেতুর উদ্বোধন হতে যাচ্ছে ৭ নভেম্বর। এ উপলক্ষে তৈরি করা হয় ওই প্যান্ডেল।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে তৈরি প্যান্ডেলে এ ঘটনা ঘটে। এর আগে একই দিন সকাল থেকে প্রচুর রোদ থাকায় সরকারি ওই প্যান্ডেলে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিএনপির সমাবেশের জন্য জেলা প্রশাসন থেকে বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিম পাশে সমাবেশ করার অনুমতি দেয়। অন্যদিকে বিএনপির সমাবেশস্থলে অবস্থিত স্থায়ী মঞ্চ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত মুর্যাল রক্ষণাবেক্ষণের জন্য তিন শিফটে ৬০ জন আনসার নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে মুর্যালটির চারপাশে বাঁশের ব্যারিকেড দিয়ে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মুর্যালের নিরাপত্তায় আনসার দেখা গেলেও প্যান্ডেল ও মঞ্চ নিরাপত্তায় কোনো আনসার সদস্য দেখা যায়নি।




