
দূষণ রোধে গুলশান, বনানী ও বারিধারার লেকগুলোতে মাছ চাষ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ সমাপ্তি উপলক্ষে কুড়িল লেকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেয়র আতিক বলেন, আমরা নিয়মিত লেক, খাল ও ড্রেন পরিষ্কার করছি। কিন্তু বাসা-বাড়ির পয়ঃবর্জ্যের লাইন খালে গিয়ে পানি দূষিত করছে। ফলে মাছ চাষ করতে পারছি না, চাষ হচ্ছে মশার। এটি আর হতে দেওয়া যাবে না।
তিনি বলেন, শুধু কুড়িল লেকে নয়, পর্যায়ক্রমে সবগুলো লেকে মাছচাষ হবে। গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার লেকগুলোতে মাছ চাষ করার বিষয়ে মৎস্য অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে এসব লেকের পানি দূষিত। এখানে মাছ মারা যাবে। তাই লেকের পানি দূষণ থেকে রক্ষা করতে হবে। পয়ঃবর্জ্যের লাইন লেকে দেওয়া যাবে না। পয়ঃবর্জ্যের লাইন লেকে বা খালে পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




