
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে ও এআইইউবির কম্পিউটার ক্লাবের সহযোগিতায় ‘সেফ ইন্টারনেট ফর একাডেমিক এক্সিলেন্স’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) এআইইউবি অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এ সময় সেমিনারের মূল উদ্দেশ্য ছিল নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সক্ষম করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইইউবির ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড লামাগনা। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসপিএবির সভাপতি এবং অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের পরিচালক ও সিইও মো. এমদাদুল হক, আইএসপিএবির পরিচালক এবং ইনফোলিংক লিমিটেডের পরিচালক ও সিইও সাকিফ আহমেদ, আইএসপিএবির মহাসচিব এবং কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল করিম ভূঁইয়া, নিজের বলার মতো একটা গল্পের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব ইকবাল বাহার জাহিদ, এআইইউবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. এ বি এম সিদ্দিক হোসেন।
এদিকে প্রধান অতিথি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার তার মূল্যবান বক্তব্যে ডিজিটাল বাংলাদেশ, বঙ্গবন্ধু স্যাটেলাইট, ৫-জি এবং ইন্টারনেট নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এআইইউবির মাননীয় ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড. লামাগনা বিশ্বের জন্য একটি নিরাপদ ইন্টারনেট সম্পর্কে তার মূল্যবান বক্তব্য তুলে ধরেন এবং অতিথিদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন।
এ সময় অধ্যাপক ড. সিদ্দিক হোসেন এআই, রোবোটিক্স, ব্লক চেইন, আইটি সেক্টরের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। ইকবাল বাহার জাহিদ তার আইটি ফাউন্ডেশনের ইতিহাস ও অভিজ্ঞতা শেয়ার করেন। সাকিফ আহমেদ তার আইটি স্কুলিং সম্পর্কে বর্ণনা করেন এবং মেলা, ইন্টার্নশিপ সুযোগ, প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেন। নাজমুল করিম ভূঁইয়া নিরাপদ ইন্টারনেট ব্যবহার, খরচ এবং ইন্টারনেটের গতি নিয়ে বক্তব্য প্রদান করেন। এ সময় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও বিপুলসংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।




