
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এই বর্ষপূর্তি পালিত হয়।
আলোচনা সভায় সুজনের জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েল বলেন, সুজন এতদিন নির্বাচন ভিত্তিক কাজ করলেও বর্তমানে যেই বিষয়টি উঠে এসেছে, তা হলো সচেতনতা, সংগঠিত হওয়া ও অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা। এতে সোচ্চার হলেই গণতন্ত্র রক্ষা করা সম্ভব। আর সেই লক্ষ্যেই কাজ করে যাবে সুজন। নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে এর কার্যক্রম অব্যাহত থাকলেও সামনের দিনগুলিতে আরও জোরালো ভাবে এগোবে সুজন। সেজন্য সুজনের সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুজনের উপদেষ্টা অধ্যক্ষ করিম রেজা, সহ সম্পাদক রাসেল আদিত্য, সহ সম্পাদক আশরাফুল হক আশু, অর্থ সম্পাদক মাকসুদা ইয়াসমিন, দপ্তর সম্পাদক আবুল হাসান, প্রচার সম্পাদক রাজ লক্ষ্মী, কার্যকরী সদস্য সাব্বির আল ফাহাদ।
এছাড়া শুভাকাঙ্ক্ষীদের মধ্যে জহিরুল ইসলাম মিন্টু, হায়দার রানা, আব্দুল্লাহ আল ফারুক রিংকু, আবু সাইদ, জহিরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।




