
রাজধানীর উত্তরা থেকে আরিয়ান আহম্মেদ নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৬ নভেম্বর) বিকেলে মিরপুর জনতা হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি আরিয়ান ঢাকার দক্ষিণখানের পূর্ব আজমপুরের গিয়াস উদ্দিনের ছেলে আরিয়ান আহম্মেদ (৩৭)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় এর আগেও ৮টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানান, আরিয়ান নিজেকে কখনও কম্পিউটার ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী, কানাডাভিত্তিক এনজিওর কান্ট্রি ডিরেক্টর, মিডিয়া মালিক, আবার কখনও প্রবাসী ব্যবসায়ী পরিচয় দেন। এ ছাড়াও প্রশাসন ও সেনাবাহিনীর উচ্চপর্যায়ে তার ‘যোগাযোগ’ আছে বলে জানান। এ জন্য বিভিন্ন সময় তিনি বিভিন্ন ব্যক্তিকে মেজর, ইউএনও, পুলিশ সুপার বলে পরিচয় করিয়ে দেন।
আরিয়ান মিজান নামে এক প্রবাসীর কাছ থেকে কম্পিউটার ব্যবসায় বিনিয়োগ করার নামে এক লাখ টাকা নেন। এরপর মেজরের জন্য স্বর্ণের বার কিনবেন বলে ৯ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার নেন। এই ১০ লাখ টাকা পরিশোধের নাম করে তাকে চেক দেন। কিন্তু সেই অ্যাকাউন্টে এক টাকাও ছিল না।
পুলিশ আরও জানান, মিঠুন সরকার নামে আরেক ব্যক্তির কাছে নিজেকে কানাডাভিত্তিক একটি এনজিওর কান্ট্রি ডিরেক্টর পরিচয় দেন আরিয়ান। এই এনজিওর উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে দেন বলে জানান তিনি। পরে সেই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কানাডায় নিয়ে যাওয়া হয় বলেও জানান। এই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার নামে মিঠুনের কাছ থেকে ১৮ লাখ টাকা হাতিয়ে নেন মাত্র এসএসসি পাস প্রতারক আরিয়ান।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন জানান, ভুক্তভোগী মিজান ও মিঠুন অভিযোগ দায়ের করার পর বুধবার মিরপুর জনতা হাউজিং এলাকা থেকে আরিয়ানকে গ্রেপ্তার করা হয়। আরিয়ান গতকালই ইতালি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তার আগেই তাকে প্রিজনভ্যানে থানায় নিয়ে আসা হয়।




