
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক সাবেক ইউপি সদস্য কবর খুঁড়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন। পৈত্রিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শনিবার (১৯ নভেম্বর) সকালে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই এলাকায় এ নিয়ে আলোড়নের সঙ্গে আতঙ্কেরও সৃষ্টি হয়েছে।
হুমকি দেওয়া ব্যক্তি হলেন, একই গ্রামের মৃত তোতা তালুকদারের ছেলে ডাব্লিউ তালুকদার।
স্থানীয়রা জানান, দুই ভাইয়ের মধ্যে পৈত্রিক ভিটার একটি ভবন নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। ডাব্লিউ তালুকদারের বাবা একতলা একটি পাকা ভবন নির্মাণ করেন। তিনি মারা যাওয়ার কিছুদিন পর দেনার দায়ে ডাব্লিউ তালুকদার ভবনটি তার ভাই বাহালুল তালুকদারের কাছে বিক্রি করে দেন। বাহালুল তালুকদার ভবনটিকে মেরামত করে পরিবার নিয়ে বসবাস করছিলেন। সম্প্রতি ভবনটির মালিকানা দাবি করে ডাব্লিউ তালুকদার টাকা দাবি করেন। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগও দেন তিনি। এরপর পারিবারিক কবরস্থানে কবর খুঁড়ে সবাইকে নিয়ে আত্মহত্যার হুমকি দেন।
ডাব্লিউ তালুকদার সাংবাদিকদের জানান, আমি পরিবারসহ ঢাকায় এক বছর আগে বেড়াতে গেলে আমার ভবনের তালা ভেঙে বড় ভাই বাহালুল তালুকদার দখলে নিয়ে পরিবারসহ বসবাস করে আসছেন। আমার ভবন ফিরে পাওয়ার জন্য বিভিন্ন জনের কাছে গিয়েও কোনো সমাধান পাইনি। আমি ছেলে-মেয়ে, স্ত্রী নিয়ে অন্যের বাড়িতে জীবনযাপন করছি। সমাধান না পেলে পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যা করতেই কবর খুঁড়েছি।
এ বিষয়ে ডাব্লিউ তালুকদারের বড় ভাই বাহালুল তালুকদার বলেন, ভবনটি আমাদের বাবা নির্মাণ করেন। আমার ছোট ভাই ডাব্লিউ তালুকদার সেখানে বসবাস করত। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছে সে ঋণগ্রস্ত হয়ে পড়েছে। ঋণ শোধ করতে আমার কাছে ২৬ লাখ টাকায় ভবনটি বিক্রি করেছে।
ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বি এম খোকন সাংবাদিকদের বলেন, ডব্লিউ তালুকদার সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে গ্রামের অন্তত ৪০ জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি নেশার জন্য প্রতিদিন কয়েক হাজার টাকা খরচ করেন। মিথ্যা কথা বলে অনেকের কাছ থেকে তিনি টাকা ধার নেন।
রাজিহার ইউনিয়নের চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার বলেন, পরিষদে প্রতিদিনই ডব্লিউ তালুকদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আসে। অনেকবার সালিশ হয়েছে, কিন্তু তিনি কাউকে তোয়াক্কা করেন না।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, আমরা ডাব্লিউ তালুকদারের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তার কবর খোঁড়ার কথা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




