
মহিলা আওয়ামী লীগের সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে কমলা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলা বেগমকে হাসপাতালে নিয়ে আসা তার প্রতিবেশী চম্পা বেগম জানান, গাজীপুরের পুবাইল থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে আসেন তারা। সম্মেলন শেষে হেঁটে শাহবাগ মোড়ে গাড়িতে ওঠার সময় কমলা বেগম মাথা ঘুরে পড়ে যান। এসময় সঙ্গে সঙ্গে তার মাথায় পানি ঢালা হয়। কিন্তু জ্ঞান না ফেরায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, কমলা বেগম পুবাইল থানা মহিলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তিনি সেখানকার বড় কেল্লারটেক এলাকার মো. কুমুদ আলীর স্ত্রী। তাদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কমলা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।




