
মানিকগঞ্জের সিংগাইরে মিছিল থেকে সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়ার অভিযোগে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল গফুরকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ নভেম্বর) রাতে পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা গণমাধ্যমকে জানান, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশকে সামনে রেখে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় মিছিল বের করেন পৌর বিএনপির নেতাকর্মীরা। ওই মিছিল থেকে ককটেল বিস্ফোরণ করে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেন তারা।
তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণ ও অটোরিকশায় আগুন দেয়ার ঘটনায় বিএনপির একজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে সিংগাইর পৌর বিএনপির সভাপতি খোরশেদ আলম ভূঁইয়া জয় বলেন, শনিবার রাতে বিএনপির কোনো কর্মসূচি ছিল না। আর অটোরিকশায় আগুন দেয়ার ঘটনা পুলিশের সাজানো।




