
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আজাদ বলেছেন, ‘যতদিন বেঁচে থাকব আওয়ামী লীগের নাম মুখে আনব না।’
২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনি এক আলোচনাসভায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
রফিকুল ইসলাম বলেন, ‘৩০ থেকে ৩২ বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে আছি, কাজ করেছি। বিনিময়ে কিছুই পাইনি। আশা করেছিলাম দল আমার শ্রমের মর্যাদা দেবে। কিন্তু দিল না। যতদিন বেঁচে থাকব ততদিন আওয়ামী লীগের নাম মুখেও আনব না।’
তিনি বলেন, আমি দলীয় মনোনয়ন পেতে আশাবাদী ছিলাম। আমার পরিবর্তে যাকে নৌকা দেওয়া হয়েছে তিনি আওয়ামী লীগের সদস্যই নয়। একজন অযোগ্য লোক।
তিনি আরও বলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে এরই মধ্যে উপজেলা আওয়ামীগ অফিসে পদত্যাগপত্র জমা দিয়েছি।
রফিকুল ইসলাম আজাদ সন্ধানপুর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন বলে ঘোষণা দেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া বলেন, রফিকুল ইসলাম আজাদ পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিন্তু আমরা সেটি গ্রহণ করেনি। তাকে বিভিন্নভাবে বোঝানো হয়েছে। আর দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যদি নৌকার বিরুদ্ধে নির্বাচন করে তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঘাটাইল উপজেলার পাহাড়ী পাঁচ ইউনিয়নে আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।




