
ডিসেম্বর মাসে সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)। তবে ধাপে ধাপে এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে সুপার স্পেশালাইজড হাসপাতাল চালুর বিষয়ক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালে দ্রুত ওপিডি ল্যাব সার্ভিস, মা ও শিশু কেন্দ্র চালু করা হবে। পর্যায়ক্রমে কিডনি, হেপাটবিলারি, গ্যাস্টোএন্টালজিসহ সকল বিভাগ চালু করা হবে।
আব্দুল মালেক আরও বলেন, এখানে আধুনিক যন্ত্রপাতি পরিচালনা করতে দক্ষ লোকের প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে লোক তৈরিতে কিছুটা সময় লাগছে। এ অবস্থায় প্রয়োজনে বাইরে থেকে লোক এনে চালু করবেন বলে জানান তিনি।
কিছু যন্ত্রপাতির ঘাটতি থাকায় সময় লাগছে স্বীকার করে বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ১৫ ডিসেম্বরের আগে তারা সব দিতে পারছে না। গতমাসে আমরা সিঙ্গাপুরে গিয়েছিলাম। সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালের আমাদের সঙ্গে সমঝোতা স্বাক্ষর হয়েছে। তারা আমাদের চিকিৎসক নার্সকে প্রশিক্ষণ দেবে। ইতিমধ্যে কোরিয়া থেকে ১৬০ জন চিকিৎসক ও নার্সকে প্রশিক্ষণ দিয়ে এনেছি। তারা বাংলাদেশে অবস্থান করেও আগামী দুই বছর আমাদের জনবলকে প্রশিক্ষণ দেবে।’
নিয়োগের বিষয়ে বিএসএমএমইউ ভিসি বলেন, আমরা চিকিৎসকদের সাক্ষাৎকার নিয়েছি। ৫০০ করে নার্স ও টেকনিশিয়ান লাগবে। তবে ওয়ার্ড বয়, আয়া ও আনসার সদস্যদের আউটসোর্সিংয়ে নেওয়া হবে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার উপ-উপাচার্য, হাসপাতাল শাখার পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধান, সুপার স্পেশালাইজড হাসপাতালের দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




