
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মহাসড়কের ওপরে টায়ারে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৭টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের লিডার মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় চারটি বোমা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ফায়ার সার্ভিস গিয়ে টায়ারের আগুন নিয়ন্ত্রণ করে।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আক্কাচ আলী জানান, বৃহস্পতিবার বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারটি বোমা উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ শটগান থেকে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
এ বিষয়ে ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ঘটনাস্থল থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। যারা নাশকতা সৃষ্টির জন্য বোমা ফাটিয়েছে, তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




