
ছয় বছর পর ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার (৩ ডিসেম্বর)। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
জানা গেছে, সবশেষ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৩০ এপ্রিল। একই বছরের ১০ অক্টোবর অ্যাডভোকেট জহিরুল হক খোকাকে সভাপতি এবং অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক করা হয়। অপরদিকে মহানগর কমিটিতে এহতেশামুল আলম সভাপতি এবং মোহিত উর রহমান শান্তর নাম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
এদিকে দলীয় সূত্রে জানা যায়, এবারের সম্মেলনকে কেন্দ্র করে দুইটি ইউনিট থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কমপক্ষে পাঁচজন করে প্রার্থী হয়েছেন। এরমধ্যে আলোচনায় রয়েছে জেলা আ.লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বর্তমান সহসভাপতি নাজিম উদ্দিন আহমেদ এমপি ও ফারুক আহমেদ খান।
আয়োজক কমিটি জানিয়েছেন, ময়মনসিংহ নগরের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। ইতোমধ্যে সম্মেলনকে ঘিরে প্রস্তুতি শেষ পর্যায়ে।
জেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেন, সম্মেলন সফল করতে আমাদের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, সম্মেলনের মাধ্যমে দুটি ইউনিটেই ত্যাগীদের মূল্যায়ন করে কমিটি দেবে হাইকমান্ড।
শনিবারের এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনের উদ্বোধন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী।
এ ছাড়াও সম্মানিত অতিথি হিসেবে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক ও প্রধান বক্তা হিসেবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উপস্থিত থাকার কথা রয়েছে।




