
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে ৪ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতি ডলফিন। এ সময় স্থানীয়রা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে এটির মৃত্যুর রহস্য উন্মোচনের চেষ্টা করেন।
রোববার (৪ ডিসেম্বর) দুপুরে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে তিন নদীর মোহনা এলাকায় ডলফিনটিকে প্রথমে দেখতে পান স্থানীয়রা। এটির প্রস্থ দেড় ফুট। তবে ৪ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির মুখে ক্ষত দেখা গেছে।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, শনিবার রাতের জোয়ারে তীরবর্তী এলাকায় ডলফিনটি ভেসে এসেছে। চার ফুটের বাচ্চা ডলফিনটির মুখে ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে ডলফিনটির মৃত্যু হয়েছে।
ডলফিন রক্ষা কমিটির সদস্য বাচ্চু জানান, রোববার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে ঠিক কীভাবে ডলফিনটির মৃত্যু হয়েছে, সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। এটির লেজ ও গলায় আঘাতে চিহ্ন রয়েছে।
এ বিষয়ে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, রোববার দুপুরে ঘটনাস্থলে বন কর্মীদের পাঠানো হয়েছে। ইতোমধ্যে ডলফিনটি বালুচাপা দেওয়ার প্রক্রিয়া চলছে।




