
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ওয়াজ মাহফিলে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে এক ডেকোরেটর কর্মী নিহত হয়েছেন।
সোমবার (৫ ডিসেম্বর) ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের মানিক কাজি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ডের পাখির মোড় এলাকার আবুল কালামের ছেলে রাশেদুল ইসলাম (৩২)।
স্থানীয়রা জানান, ওই গ্রামের জামিয়াতুল উলুম আল ইসলামিয়া নূরানী ও হাফেজিয়া মাদরাসার উদ্যোগে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের সাউন্ড সিস্টেম ও ডেকোরেশনের কাজ নেন পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার মামুন ডেকোরেটর হাউজ নামের একটি প্রতিষ্ঠান। পরে রোববার রাতে ওই প্রতিষ্ঠানের হয়ে মাহফিলের আলোকসজ্জার কাজ করছিলেন রাশেদুল। বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় গায়ের সঙ্গে হঠাৎ বিদ্যুতের তার জড়িয়ে বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে ডেকোরেটর হাউজের স্বত্বাধিকারী আল মামুন জানান, রাশেদুল আমার চাচাতো ভাই। তিনি বিদ্যুৎ সুইচ দেওয়ার সময় অসাবধানতাবশত তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রোববার রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে ছিল। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।




