
নিজ শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সাইফুর রহমান রাফি (২৮) নামের এক যুবক। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে রামেক ক্যাম্পাসের নুরুন্নবী হলের সামনে সংঘটিত এ ঘটনায় গুরুতর আহত রাফিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
অগ্নিদগ্ধ রাফি রাজশাহী শহরের বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার মো. বাবুলের ছেলে। তার মা রামেক হাসপাতালে শ্রমিক হিসেবে কাজ করেন।
এ ব্যাপারে রামেক বার্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আফরোজা নাজনীন বলেন, অগ্নিদগ্ধ অবস্থায় রাফিকে জরুরি বিভাগে আনলে তাকে সেখান থেকে ২৯ নম্বর ওয়ার্ডে (বার্ন ইউনিট) ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, রাফির পরিবারের লোকজন বলছেন সে মানসিক রোগে ভুগছে। তার শরীরের ৯৯ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা এখন ঝুঁকির মধ্যে আছে।
জানতে চাইলে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আহত রাফিকে রামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার মা বলেছে সে মানসিক সমস্যায় ভুগছে। এ কারণে মূলত এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি বলেছেন।




