
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ১১টি সোনার বারসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, কলকাতার পশ্চিমবঙ্গের জোড়াবাগান থানার চুনিলাল গুপ্তের ছেলে অনুপ কুমার গুপ্ত (৪৮) ও উত্তর প্রদেশের গোরখপুরের রামাশ্রীর ছেলে রাজেশ কুমার (৪৩)।
শুল্ক গোয়েন্দারা জানান, দর্শনা চেকপোস্ট দিয়ে স্বর্ণ চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। পরে অভিযানে পাসপোর্টধারী দুই ভারতীয় নাগরিকের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের জুতার ভেতর থেকে উদ্ধার করা হয় ১১টি সোনার বার। পরে ওই দুজনকে আটক করা হয়।
যশোরের বেনাপোল শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম জানান, ১১টি স্বর্ণের টুকরার ওজন ৬২১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ টাকা। দুই চোরাকারবারির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




