
নৈরাজ্য ঠেকাতে সিলেটের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। ক্ষমতাসীন দলটির নেতাদের দাবি, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য প্রতিহত করতে এই অবস্থান নেওয়া হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডীপুল এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নেন।
এ সময় নেতারা জানান, সিলেটের বিভিন্ন উপজেলা ও নগরীতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সতর্ক অবস্থায় রয়েছে। চলমান আন্দোলন কর্মসূচির অজুহাতে বিএনপি নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।
সংসদ সদস্য হাবিবুর রহমান বলেন, ঢাকার সমাবেশকে কেন্দ্র করে বিএনপি সারাদেশে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তারা ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস করছে। এসব প্রতিরোধে আমরা মাঠে রয়েছি।
আওয়ামী লীগ নেতাকর্মীরা চন্ডীপুল এলাকায় সমাবেশ করেন। এ ছাড়া বিকেলে বিএনপির বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ এনে নগরে মিছিল করেছে যুবলীগ।
চন্ডীপুল এলাকার অবস্থান কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




