
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের শিজক গলাচিপা এলাকায় দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে সরল চাকমা (৫০) ও গণপিটুনিতে মঞ্জু চাকমাকে (৩০) হত্যা করা হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সারোয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান অতুল বিহারি চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ৮টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঞ্জু চাকমা তার মা কালোচুলি চাকমাকে দাঁড়ালো অস্ত্র দিয়ে কোপায়। এ সময় মাকে বাঁচাতে তার বাবা রত্নকুমার চাকমা এগিয়ে এলে তাকেও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এ সময় মঞ্জু চাকমা পালিয়ে যায়। পরে আহত বাবা-মাকে স্থানীয়রা উদ্ধার করে বাঘাইছড়ি সদর হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়।
এদিকে শনিবার দুপুরে মঞ্জু চাকমাকে পালিয়ে যেতে দেখে আটকের চেষ্টা করে এলাকাবাসী। এ সময় মঞ্জু চাকমার হাতে থাকা দাঁড়ালো দায়ের কোপে ঘটনা স্থলে সরল চাকমা (৫০) নিহত হয়। পরে স্থানীয় উত্তেজিত শতাধিক গ্রামবাসীর গণপিটুনিতে মঞ্জু চাকমার মৃত্যু হয়। তবে নিহত সরল চাকমা পেশায় ছয়চাকা ট্রলি ব্যবসায়ী ছিলেন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঞ্জু চাকমা মানসিক রোগী ছিলেন। সংবাদ পেয়ে পুলিশের একটি দলকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে। ফিরে আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




