
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কমিউটার ট্রেনের নিচে পড়ে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নাচোল উপজেলার গোলবাড়ি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের দুরুল হকের ছেলে স্বাধীন (২৪)।
কসবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম জাকারিয়া জানান, শনিবার বিকেলে স্বাধীনের ছাগল রেললাইনের পাশে ঘাস খাচ্ছিল। এ সময় রহনপুর থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে ছাগলটিকে রেললাইন থেকে সরিয়ে দিতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যায় স্বাধীন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় রেলওয়ে পুলিশকে (জিআরপি) বিষয়টি জানানো হয়েছে।
আমনুরা জিআরপি পুলিশ কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, শনিবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




