
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে এক কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে।
রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ওই ইউনিয়নের জয়ার গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন বড় খালপাড় এলাকার লতিফ হাওলাদারের ছেলে আক্কাস হাওলাদার (৪২)।
জানা গেছে, রোববার সন্ধ্যায় মাদারীপুর শহর থেকে স্ত্রী ও তিন বছরের ছেলে রোমানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কৃষক আক্কাস। এ সময় পূর্বশত্রুতার জেরে মস্তফাপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিয়া হাওলাদার তার সহযোগীদের নিয়ে আক্কাস ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। তখন কৃষক আক্কাসকে কুপিয়ে আহত করা হয়। একই সঙ্গে মারধর করা হয় তার স্ত্রী ও সন্তানকে। এ সময় আক্কাস ও তার স্ত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
আক্কাস হাওলাদার জানান, কিছু দিন আগে আমার তিনটি গুরু চুরি হয়। এ বিষয় নিয়ে ইউপি সদস্য জিয়ার সঙ্গে আমার বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার পরিবারের ওপর হামলা চালায়। আমাকে কুপিয়ে জখম করেছে। এ সময় আমার স্ত্রী ও সন্তানকে মারধর করেছে।
অভিযুক্ত ইউপি সদস্য জিয়াউর হাওলাদার বলেন, আক্কাসের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। আমার লোকজন তাকে কেন মারধর করবে।
মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, রোববার সন্ধ্যার পর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




