
ঝালকাঠির নলছিটি উপজেলায় এক শিশুকে (৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ ডিসেম্বর) নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মামলার সূত্র থেকে জানা যায়, সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে খালাতো ভাইয়ের সঙ্গে খেলছিল ভুক্তভোগী শিশুটি। এ সময় রাজু শিশুর সঙ্গে খেলতে থাকা খালাতো ভাইকে ১০ টাকা দিয়ে সিগারেট কিনতে দোকানে পাঠান। এ সময় ভুক্তভোগী শিশুটিকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখান রাজু। পরে শিশুটিকে টাকা দেওয়ার কথা বলে পাশের একটি ভবনে নিয়ে ধর্ষণ করে।
এদিকে ভুক্তভোগী শিশুটির খালাতো ভাই সিগারেট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে, রাজু টের পেয়ে শিশুটিকে পাঁচ টাকা দিয়ে দ্রুত পালিয়ে যান। পরে বাড়িতে গিয়ে শিশুটি তার মাকে ঘটনা জানালে থানায় মামলা করেন তিনি।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মঙ্গলবার বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা মামলা দায়ের করেছেন। পরে একই দিন রাতে রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভুক্তভোগী শিশুটিকে জেলা সদর হাসপাতালে পাঠিয়ে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।




