
বাংলাদেশের তিন তরুণ রফিকুল হাসান, আমির হামজা এবং রেজাউল করিম কাজলের শখের বসে গড়ে তোলা অনলাইন ভিত্তিক ছবি আঁকার প্রতিষ্ঠান মার্ক ড্রয়িং কোম্পানি দেশের সীমানা ছাড়িয়ে ভিন দেশেও সুনাম অর্জন করেছে। দেশে বসেই ইংল্যান্ডে চালিয়ে যাচ্ছেন ছবি আঁকার ব্যবসা।
এই তিন তরুণ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়ালেখা শেষ করেছেন। তারা জানান, ছবি আঁকতে পছন্দ করেন। সময় পেলেই ছবি আঁকেন। ক্লাসের ফাঁকেও বিভিন্ন ছবি আঁকতেন। করোনাকালীন সময়ে নিজেদের অলস সময়কে কাজে লাগিয়ে গড়ে তোলেন মার্ক ড্রয়িং কোম্পানি। ওয়েবসাইটের মাধ্যমে মানুষের ছবি একে দেন তারা। কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী হওয়ায় নিজেরাই নিজেদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডেভেলপ করে ফেলেন।
গল্প করতে করতে এই তরুণেরা জানান, শুরুতে কোন কিছুই আমাদের পক্ষে ছিল না। দেশে বসে ইংল্যান্ডে কোম্পানি চালু করা থেকে শুরু করে পেমেন্ট গেটওয়ে অনুমোদন নেওয়া চ্যালেঞ্জিং ছিল। তবে আমাদের পরিশ্রমের কারণে পুরো যুক্তরাজ্য জুড়ে গ্রাহকরা সঠিক সময়ে ডেলিভারি পেয়ে থাকেন। বর্তমানে আমাদের নিজেদের পাশাপাশি আরও ১৫ জনের কর্মসস্থানের ব্যবস্থা করতে পেরেছি।
তারা জানান, এখন পর্যন্ত ৬ হাজার ৫০০ জন গ্রাহকের প্রায় ৩০ হাজার প্রোট্রেইট ড্রয়িং করে দিয়েছেন। এর মাধ্যমে তারা প্রতি মাসে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার রেমিটেন্স আনছেন।
তারা আরও বলেন, আমরা আমাদের প্রতিষ্ঠানকে ভবিষ্যতে যুক্তরাজ্যের বাহিরে অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাষ্ট্রের মার্কেটেও নিয়ে যেতে চাই এবং দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে অবদান রাখতে চাই।




