
বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দীঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাফি রহমান ওই এলাকার মাহফুজার রহমানের ছেলে। গুরুতর আহত মাহফুজার রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
সারিয়াকান্দি থানার এসআই (উপপরিদর্শক) খোকন চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করে জানান, ‘দীঘলকান্দি জামে মসজিদের মুয়াজ্জিন মাহফুজার রহমান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতীয় পতাকা টানানোর জন্য মসজিদের দ্বিতীয় তলার ছাদে ওঠেন। সেখানে বড় লোহার রডের সঙ্গে পতাকা বাঁধতে গিয়ে হঠাৎ করে পাশে থাকা বৈদ্যুতের তারের ওপর পড়ে যান। এ সময় তার ছেলে শাফি তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে শাফি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় মাহফুজার রহমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত মাহফুজারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।




