
স্বাধীনতাবিরোধীরা দেশকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নওগাঁয় আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, মানবতার কথা বলে স্বাধীনতাবিরোধীরা দেশকে ধ্বংস করতে চায়। তারা আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কোনোক্রমেই তাদের আর ছাড় দেওয়া হবে না।
বিএনপির উদ্দেশে সাধন চন্দ্র মজুমদার বলেন, তারা স্বাভাবিক রাজনীতি করলে সরকারের আপত্তি নেই। আগুন-সন্ত্রাস করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা রুখে দাঁড়াবে।
এ সময় মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে দেশকে স্বাধীন করতে সমগ্র বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।




