
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় সংগঠনটির সংবাদকর্মীরা।
এর আগে, রাকসু ভবনে অবস্থিত সংগঠনটির কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাংবাদিকরা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্তের সঞ্চালনায় সভাপতি শাহিনুর খালিদ বলেন, ১৯৭১ সালের আজকের এদিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিল আমাদের মুক্তিযোদ্ধারা। সৈন্য ও শক্তিতে পাকিস্তানিরা শক্তিশালী ছিল, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা শক্তিশালী ছিল মনোবলে। তাদের মধ্যে ছিল স্বাধীন হওয়ার ইচ্ছা-আকাঙ্ক্ষা এবং দৃঢ় মনোবল।
উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পর প্রায় ত্রিশ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, এটা কিন্তু সহজ ছিল না। সাংবাদিক হিসেবে শহীদদের রক্তের মতো আমাদের কলমের কালি উৎসর্গের মধ্য দিয়ে সাংবাদিকতার সুষ্ঠু চর্চাকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের হতে হবে বলিষ্ঠ কণ্ঠের অধিকারী। আমাদেরকে সেই ভূমিকা পালন করতে হবে, যে ভূমিকা আমাদের মুক্তিযোদ্ধা ও আপামর জনতারা মহান মুক্তিযুদ্ধে রেখেছিলেন।
এ সময় রাবি রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক লাবু হক, সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান মিলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ আলী, কার্যনির্বাহী সদস্য আছিয়া খাতুনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।




