
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নগর পরিকল্পনাবিদদেরকে শহর পরিকল্পনার মূল হাতিয়ার হিসেবে কাজ করতে হবে। আমি সেটা বাস্তবায়নে পূর্ণরূপে সহায়তা করব।
গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নগর পরিকল্পনা বিভাগ ছিল। আগে তাদের কোনো কাজ ছিল না। এখন আমরা তাদের দিয়ে কাজ করাচ্ছি।
মেয়র বলেন, এত বড় ঢাকা শহর। এখানে আমরা এক কোটির বেশি মানুষকে সেবা দিয়ে থাকি। এখানে আমাদের নগর পরিকল্পনাবিদের পদ রয়েছে মাত্র তিনটি। একটি পদে নিয়োগ ছিল। তিনি শুধু নথি নিয়ে ঘোরাঘুরি করতেন। তাকে আমি কাজ দেওয়ার পর তিনি কেঁদে দিয়েছেন। তিনি আমাকে বলেছেন, স্যার ২০ বছর আমার চাকরির বয়স। আমি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে কত আশা নিয়ে এখানে চাকরি নিয়েছি। কিন্তু কেউ আমাকে নগর পরিকল্পনার কাজ দেয়নি।
তাপস বলেন, আমরা নতুন করে দুইজন সহকারী পরিকল্পনাবিদ নিয়োগ দিয়েছি। আমি মনে করি নগর পরিকল্পনাবিদরা শহর পরিকল্পনার মূল হাতিয়ার। আমি সেটা বাস্তবায়নে পূর্ণরূপে সহায়তা করব।
আমাদের যে ১২টি সিটি করপোরেশন প্রধানমন্ত্রী করেছেন। এই সিটি করপোরেশনগুলো স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন-২০০৯ অনুসারে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। এখানে নগর পরিকল্পনাবিদদের কাজ করার সুযোগ রয়েছে।




