
রাজধানীর আগারগাঁওয়ে ৬০ ফিট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা এসময় গুড়িয়ে দেওয়া হয়।
রোববার (১৮ ডিসেম্বর) চলা এ অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী এবং ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল মোল্লা।
অভিযানের মাধ্যমে আগারগাঁও থেকে গ্রামীণ ব্যাংক পর্যন্ত ৬০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ প্রকল্পের আওতাধীন ডিএনসিসির মালিকানাধীন ভূমির অবৈধ দখল অপসারণ করা হয়।
ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত সুবিধা নিশ্চিত করে সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশনা দেন। সেই নির্দেশনার আলোকেই এই অভিযান চালান হয়েছে বলে জানায় সংস্থাটি।




