
দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাতের কুমিল্লা। আতশবাজি-পটকা আর ঢোল পিটিয়ে চলেছে বিজয় উল্লাস। সঙ্গে ভুভুজেলার শব্দ। বাদ যাচ্ছিল না ভিডিও করা, সেলফি তোলা। রাতভর চলে এমন উল্লাস।
নগরীর বিভিন্ন এলাকায় বিশাল পর্দার সামনেও ঠাঁই হচ্ছিল না মানুষের। খেলা শেষে আর্জেন্টিনার জয়ে উল্লাসে ফেটে পড়েন সবাই।
ফাইনাল ম্যাচ নিয়ে উন্মাদনা খেলা শুরুর অনেক আগেই ছড়িয়ে পড়ে কুমিল্লা শহরে।
পেনাল্টি শেষে আর্জেন্টিনা জিতলে উৎসবের ঢল নামে কুমিল্লায়। নগরীর নানা প্রান্ত থেকে মানুষজন এসে জড়ো হতে থাকেন কান্দিরপাড়ে। মিছিলে স্লোগানে, নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন তারা। মেসির হাতে বিশ্বকাপ তাদের মনে এনে দিয়েছে উচ্ছ্বাসের জোয়ার।গভীর রাতে ‘মেসি মেসি মেসি’-স্লোগান তুলে মিছিল করতে করতে ঘরে ফেরেন আর্জেন্টিনা সমর্থকেরা।




