
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডাম্পট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আবদুল মাজেদ মোল্লা (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার নারুয়া বাজার সংলগ্ন গঙ্গারামপুর ৩ রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সাইফুল ইসলাম তুরান বলেন, নারুয়া বাজারের লেপ-তোশক ব্যবসায়ী আবদুল মাজেদ মোল্লা বাড়ি থেকে মোটরসাইকেলে ছেলে মামুনের জন্য দুপুরের খাবার নিয়ে নারুয়া বাজারে যাচ্ছিলেন। গঙ্গারামপুর মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির ইটভাটার একটি ডাম্পট্রাক তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।




