
শরীয়তপুরে আম বয়ানের মধ্যদিয়ে বৃহস্পতিবার ৩ দিনব্যাপী ইজতেমা শুরু হবে।
বুধবার (২১ ডিসেম্বর) জিম্মাদারের দায়িত্বে থাকা মুরব্বি নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, ৩ দিনব্যাপী এ ইজতেমা সদর উপজেলার পালং ইউনিয়নের ভুচুরা কানার বাজার এলাকায় ৮ একর বিশাল জায়গায় আয়োজন করা হয়েছে। ইজতেমায় অংশগ্রহণের জন্য শরীয়তপুর জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ময়দানে এসে সমবেত হচ্ছেন।
দেশীয় জামাতসহ (সুদান, ইন্দোনেশিয়া, তিউনেশিয়া, ইন্ডিয়া) ৪টি বিদেশি জামাত এবং একটি বাকপ্রতিবন্ধীদের জামাত অংশগ্রহণ করবে শরীয়তপুরের এ ইজতেমায়। শনিবার (২৪ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৩ দিনব্যাপী এ ইজতেমা।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ইজতেমাকে সফল করতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। ইতোমধ্যে ইজতেমায় দুই স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে।




