
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার পেতে আবেদন করেছেন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদের প্যাডে এ আবেদন করেন বলে নিশ্চিত করেছেন তার একান্ত সচিব সাখাওয়াত হোসেন মুকুল।
সাধারণ ক্ষমার আবেদনে মুরাদ লেখেন, আমি ডা. মো. মুরাদ হাসান, সংসদীয় আসন ১৪১, জমালপুর-৪ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য। আমার বাবা মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মতিয়র রহমান তালুকদার ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি। আমি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে ২০২১ সালে ৭ ডিসেম্বর উক্ত পদ থেকে আমাকে অব্যাহতি প্রদান করে।
তিনি আরও লেখেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দৃঢ় প্রত্যয়ে অঙ্গীকার করিতেছি যে ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ড করব না, যার ফলে আপনার বিন্দুমাত্র সন্মানহানি হয়। অতএব বিনীত নিবেদন এই যে, বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রমে অংশ গ্রহণের সুযোগ প্রদান করে বাধিত করবেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে একটি গণমাধ্যমকে ডা. মুরাদ হাসান বলেন, আমি সাধারণ ক্ষমার জন্য আবেদন করেছি। আমি আশা করছি, প্রধানমন্ত্রী আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
উল্লেখ্য, এক নায়িকার সঙ্গে ফোনালাপ ফাঁস ও নানান বিতর্কের মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে গত ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান। ৯ ডিসেম্বর রাতে তিনি কানাডার উদ্দেশে রওনা দেন। কিন্তু সে দেশে ঢুকতে না পেরে ১১ ডিসেম্বর তিনি ফের দেশে ফেরেন। এরপর থেকেই তেমন একটা প্রকাশ্যে ছিলেন না এই সংসদ সদস্য।




