
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চাচাকে ছুরিকাঘাতের ঘটনায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান মিয়া তালুকদারকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আবিদ নবীগঞ্জ পজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের মৃত মানিক মিয়া তালুকদারের ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে আবিদ হাসান মিয়া তালুকদারের সঙ্গে তার আপন চাচা কালিছ মিয়ার সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার রাত নবীগঞ্জ শহরের থানা পয়েন্ট এলাকায় আবিদের সঙ্গে কালিছ মিয়ার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে চাচাকে ছুরিকাঘাত করেন আবিদ। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর স্থানীয়রা আবিদ হাসানকে পুলিশের কাছে সোপর্দ করেন। বৃহস্পতিবার আহত কালিছ মিয়ার ভাই শাহেদ মিয়া বাদী হয়ে আবিদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর আবিদকে এই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ জানান, চাচাদের সঙ্গে আবিদের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। রাতেই স্থানীয়রা আবিদকে পুলিশের কাছে সোপর্দ করে। অভিযোগ দেওয়ার পর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




