
চট্টগ্রামের সীতাকুণ্ডে মদ্যপান করে মসজিদের মুসল্লিদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে রবিন চৌধুরী নামে এক ইউপি সদস্য ও তার দুই সহযোগীর বিরুদ্ধে। এতে ৩ মুসল্লি আহত হয়েছেন। আহতরা হলেন- কামাল উদ্দিন (৬৫), মুসলিম উদ্দিন (৫০), আরাফাতুর রহমান (৩৫)।
শুক্রবার (২৩ ডিসেম্বর) উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটায় এ ঘটনা ঘটে। মো. রবিন চৌধুরী সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর ও হালিম চৌধুরীর ছেলে। আর তার সহযোগীরা- মো. হোসেনের পুত্র নুরুদ্দিন (৩০) ও আলী আশরাফের পুত্র নেজাম উদ্দিন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চেয়ারম্যান ঘাটার হযরত ইমাম হোসেন জামে মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ পড়ে বাহির হওয়ার পরে ইউপি সদস্য মদ্যপান অবস্থায় মুসল্লিদের ওপর হামলা চালায়।
আহত আরাফাতুর রহমান বলেন, আমরা মসজিদ থেকে বাহির হওয়ার পরে সে (রবিন চৌধুরী) মুসল্লিদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে স্থানীয়রা তার দুই সহযোগীসহ তাকে আটক করে।
এ সময় তিনি আরও বলেন, ওই ইউপি সদস্য রবিন চৌধুরী এলাকার বেশ কয়েকজনকে হত্যার হুমকিও দিয়ে আসছে।
এ ঘটনা নিয়ে সীতাকুণ্ড মডেল থানার (ওসি) তোফায়েল আহাম্মদ বলেন, হামলার ব্যাপারে শুনেছি কিন্তু লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।
ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দিন বলেন, ঘটনার পরপরই সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহাম্মেদ মুঠো ফোনে আমাকে বিষয়টি জানিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেন। একজন ইউপি সদস্য হয়ে মদ্যপান করে মুসল্লিদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, কেউ লিখিত অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একজন স্থানীয় জনপ্রতিনিধি কোনভাবেই এ ধরনের ঘটনা ঘটাতে পারে না। এই ঘটনা তদন্ত করা হবে।




