
কুয়াশার চাদরে ঢেকেছে কুড়িগ্রাম। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত ঘনকুয়াশায় ঢাকা থাকছে কুড়িগ্রামের মাঠঘাট, সড়ক মহাসড়ক। বৃষ্টির মতো ঝরছে শিশির।
শনিবার (২৪ ডিসেম্বর) রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়ার এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে জেলার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীত জনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্ক মানুষ। গড়ম কাপড়ের অভাব রয়েছে নিম্ন ও ছিন্নমূল মানুষের।
জানাগেছে, জেলা প্রশাসন থেকে উপজেলাগুলোতে প্রধানমন্ত্রীয় ত্রাণ তহবিল থেকে ৩৮ হাজার কম্বল উপবরাদ্দ দেয়া হয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম রেজা জানান, আমার ইউনিয়নে ২০ হাজার দরিদ্র ও হতদরিদ্র মানুষের মধ্যে উপজেলা প্রশাসন থেকে ৫শ কম্বল পেয়েছি যা শুক্রবার বিতরণ করা হয়েছে। প্রয়োজনের তুলনায় অপ্রতুল শীতবস্ত্র পাওয়ায় বিভিন্ন সংগঠন ও বৃত্তবানদের সহয়োগিতা চেয়েছেন এই জনপ্রতিনিধি।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) তুহিন মিয়া জানান, জেলায় আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মাসের শেষ সপ্তাহে মৃদু অথবা মাঝারী শৈতপ্রবাহ বইতে পারে বলেও জানান তিনি।




