
গাইবান্ধায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মূলহোতা ও একাধিক চুরি মামলার আসামি কালাম মিয়াকে (৪৪) আটক করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সদর থানা চত্বরে সকাল সাড়ে ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নবাগত পুলিশ সুপার কামাল হোসেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার আরও জানান, গত ১৪ সেপ্টেম্বর করা একটি এফআইআর এর ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে কালাম ও তার সহযোগী ময়নুল মিয়া ওরফে ছোটকে আটক করা হয়। এ সময় তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী সুন্দরগঞ্জ উপজেলার রাজিবপুর গ্রামের তালেরভিটা নামক স্থান থেকে ২টি ১০০ সিসির বাজাজ, ১টি ১২৫ সিসির টিভিএস স্ট্রাইকার ও বাজাজ কোম্পানির ১০০ সিসির একটি প্লাটিনা মডেলের মোটরসাইকেল উদ্ধার করা হয়।
চোর সিন্ডিকেটের মূলহোতা কালাম মিয়া সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের দুলালের ভিটা গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বর্তমানে ১১টি চুরির মামলা বিচারাধীন রয়েছে। অপর সহযোগী আসামি ময়নুল মিয়া সুন্দরগঞ্জ উপজেলার রাজিবপুর তালেরভিটা গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে।




