
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতা-কর্মীরা। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় ঘোষণা আসার সঙ্গে সঙ্গে তারা জেলা শহর মাইজদীতে তাৎক্ষণিক মিছিল বের করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় দলীয় নেতা-কর্মীরা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
মিছিল শেষে প্রতিক্রিয়ায় নুর আলম সিদ্দিকী বলেন, ‘গত দুই মেয়াদে দলের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সর্বস্তরের নেতা-কর্মীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। এর প্রতিদান হিসেবে তৃতীয়বারের মতো তাকে দলীয় কাউন্সিলররা সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। আওয়ামী লীগের মতো একটি বড় দলের সাধারণ সম্পাদক নোয়াখালী জেলার বাসিন্দা হওয়ায় আমরা নিজেরাও গর্বিত।’
সন্ধ্যার পর ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট শহরে এবং কবিরহাট উপজেলায়ও আনন্দ মিছিল করেছেন দলীয় নেতা-কর্মীরা। এছাড়া আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভেচ্ছা-অভিনন্দনের পোস্ট ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজাপুর গ্রামে ১৯৫২ সালের ১ জানুয়ারি ওবায়দুল কাদের জন্মগ্রহণ করেন। নোয়াখালী-৫ আসন থেকে (কোম্পানীগঞ্জ-কবিরহাট) তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।




